বিশ্বকাপে এখনও গোল হজম করেনি স্পেন, টিকে আছে আট দল
স্পোর্টস ডেস্ক
চলতি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আটটি দল। শিরোপার দৌড়ে থাকা আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, মরক্কো, নরওয়ে ও সুইজারল্যান্ডের সঙ্গে শেষ আটে উঠেছে স্পেন। তবে কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর মধ্যে একমাত্র স্পেনই এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি।
২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন গ্রুপ পর্ব থেকে শেষ ষোলো পর্যন্ত রক্ষণে দেখিয়েছে দারুণ দৃঢ়তা। গোলবার অক্ষত রেখে টানা ম্যাচ পার করে দলটি নিজেদের আলাদা অবস্থানে নিয়ে গেছে।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করলেও পরের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারায় স্পেন। শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয় পায় ১-০ গোলে। তিন ম্যাচে ৫ গোল করলেও একটি গোলও হজম করেনি তারা।
রাউন্ড অব ৩২-এ অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পায় স্পেন। এরপর শেষ ষোলোর ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে দিদিয়ের দে লা ফুয়েন্তের দল।
এ পর্যন্ত বিশ্বকাপে স্পেন প্রতিপক্ষের জালে ৯ বার বল পাঠিয়েছে। বিপরীতে নিজেদের জালে কোনো বল ঢুকতে দেয়নি তারা।
কোয়ার্টার ফাইনালে ওঠা অন্য দলগুলোর মধ্যে আর্জেন্টিনা করেছে ১৪ গোল, তবে হজম করেছে ৫টি। ফ্রান্স প্রতিপক্ষকে দিয়েছে ১৪ গোল, খেয়েছে ২ গোল। মরক্কোর গোলসংখ্যা ১০, হজম করেছে ৪ গোল।
বেলজিয়াম ৮ গোল করার পাশাপাশি হজম করেছে ৫টি। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ে দিয়েছে ১২ গোল, খেয়েছে ৯ গোল। ইংল্যান্ড করেছে ১১ গোল, হজম করেছে ৫টি। আর সুইজারল্যান্ডের গোলসংখ্যা ৯, হজম করেছে ৩টি।
এবারের বিশ্বকাপে স্পেনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে তাদের রক্ষণভাগ। প্রতিপক্ষকে গোল করার কোনো সুযোগ না দিয়ে শেষ আটে ওঠা দলটি এখন শিরোপার অন্যতম দাবিদার হিসেবেও আলোচনায় রয়েছে।
Reporter Name 















