জমি–সংক্রান্ত বিরোধে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে আব্দুল জলিল (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার নওদাবাস ইউনিয়নের ধওলাই পাগলার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল ওই এলাকার আলগেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে প্রায় ১০ বছর ধরে আলগেস আলী ও তাঁর ভাই আব্দুর রাজ্জাকের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। শনিবার সকালে বিরোধপূর্ণ জমির দুই পাশে দুই পক্ষ কৃষিকাজ করছিল। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে সংঘর্ষ বাধে। অভিযোগ, এ সময় আব্দুর রাজ্জাক লাঠি দিয়ে ভাতিজা আব্দুল জলিলকে আঘাত করেন।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জলিলকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ঘটনায় মামলা গ্রহণ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় জড়িত সন্দেহে রাজ্জাক, বাদশা ও বাছিয়া নামে তিনজনকে আটকের খবর পাওয়া গেলেও পুলিশ আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি।
Reporter Name 















