আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অভিযান চালিয়ে ২৯৬ বোতল নিষিদ্ধ কোডেইনসমৃদ্ধ এস্কাফ (ESkuf) সিরাপ উদ্ধার করেছে র্যাব-১৩। এ ঘটনায় আলমগীর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় আরেক অভিযুক্ত শাহিন আলম পালিয়ে যান।
র্যাব-১৩ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের একটি আভিযানিক দল আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস এলাকায় অভিযান চালায়। অভিযানে পলাতক শাহিন আলমের বাড়ির গোয়ালঘরে তল্লাশি করে ২৯৬ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই আলমগীর ইসলামকে আটক করা হয়।
গ্রেপ্তার আলমগীর ইসলাম তালুক হরিদাস গ্রামের আজিজুল হকের ছেলে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ও পলাতক শাহিন আলম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। তারা বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে জানায় র্যাব।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় মামলা করেছে। গ্রেপ্তার ব্যক্তিকে জব্দ করা আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 















