দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: সরকারের সম্পৃক্ততা নেই, জানাল ভারত
আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে সৃষ্ট আলোচনার মধ্যে ভারত সরকার জানিয়েছে, এ আয়োজনের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
মঙ্গলবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অনুষ্ঠানের আয়োজন করছে একটি বেসরকারি গণমাধ্যম-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। ফলে সেখানে ব্যক্ত হওয়া কোনো বক্তব্য বা মতামতের দায় বা সমর্থন ভারত সরকারের নয়।
তিনি জানান, দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন Foreign Correspondents’ Club of South Asia আয়োজিত এই অনুষ্ঠানে শেখ হাসিনার সম্ভাব্য ভাষণ নিয়ে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি ভারতের নজরে এসেছে।
তবে এতে সরকারের কোনো ভূমিকা নেই।
এদিকে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে। ঢাকার ভাষ্য, এমন আয়োজন দুই দেশের সাম্প্রতিক ইতিবাচক দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়া বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম BRICS শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমন্ত্রণপত্রটি গ্রহণ করা হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
Reporter Name 















